চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না ঢাকা, আগে রোহিঙ্গা সংকটের সমাধান চায় সরকার
মিয়ানমার হয়ে বাংলাদেশ থেকে চীন পর্যন্ত প্রস্তাবিত অর্থনৈতিক করিডোর নিয়ে কোনো ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না সরকার। তবে এই উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি বলে মনে করছে ঢাকা।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিংকে বিদায় জানানোর পর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবিত করিডোর নিয়ে ঢাকা কোনো ভূরাজনৈতিক ঝুঁকি দেখছে না। এটি বাস্তবায়িত হলে অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।’ তিনি বলেন, এ ধরনের আঞ্চলিক যোগাযোগব্যবস্থা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তবে করিডোর বাস্তবায়নের পথে রোহিঙ্গা সংকটকে বড় বিষয় হিসেবে দেখছে সরকার। হুমায়ুন কবির বলেন, ‘এ উদ্যোগ বাস্তবায়নের আগে রোহিঙ্গা সংকটের সমাধান জরুরি।’
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে ফেরার আলোচনা নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিষয়টিকে হাস্যকর বলে মন্তব্য করেন। তিনি শেখ হাসিনাকে ‘পলাতক’ আখ্যা দিয়ে বলেন, তাঁর ক্ষেত্রে দেশে ফেরার প্রশ্ন নয়; বরং বন্দি বিনিময় চুক্তির আওতায় তাঁকে হস্তান্তর করতে হবে। তাঁকে কোনো ট্রাভেল পাস দেওয়া হবে না বলেও জানান তিনি।