‘চাঁদাবাজি-লুটপাটের জন্য এসেছেন’ মন্তব্য: প্রত্যাহারে নাহিদ ইসলামকে ১০ দিনের আইনি নোটিশ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে করা মন্তব্য প্রত্যাহার এবং জাতির কাছে দুঃখ প্রকাশের দাবিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে দাবি পূরণ করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাবিবুর রহমান রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়, গত ৩০ অক্টোবর সন্ধ্যায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ওয়ান ও চ্যানেল আইয়ে প্রচারিত এক বক্তব্যে নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘চাঁদাবাজি-লুটপাট করার জন্য তারেক রহমান এসেছেন। দেশ পরিচালনায় তাঁর কোনো পরিকল্পনা নাই।’
আইনজীবীর দাবি, সুনির্দিষ্ট কোনো প্রমাণ ছাড়া এমন মন্তব্য দায়িত্বজ্ঞানহীন ও অগ্রহণযোগ্য। এর মাধ্যমে একজন শীর্ষ রাজনীতিকের চরিত্র হনন ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে। নোটিশে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে বলা হয়, দেশের মানুষ তারেক রহমান সম্পর্কে এমন মন্তব্য বিশ্বাস করবে না।
নোটিশে নাহিদ ইসলামকে সংশ্লিষ্ট দুই টেলিভিশন চ্যানেলে বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে জাতির কাছে দুঃখ প্রকাশ এবং ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে ফৌজদারি কার্যবিধি অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে নাহিদ ইসলাম বা এনসিপির কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।