চাঁদাবাজির দায়ে ডিজিএফআইয়ের দুই সদস্য চাকরিচ্যুত, এক বছরের কারাদণ্ড
ব্যবসায়ীকে মারধর ও চাঁদাবাজির অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের (ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স) দুই সদস্যকে চাকরিচ্যুত করে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। কোর্ট মার্শালে দোষী সাব্যস্ত হওয়ার পর তাঁদের এই সাজা দেওয়া হয়।
সাজাপ্রাপ্তরা হলেন সার্জেন্ট আল মামুন ও সৈনিক নুরুজ্জামান। রায়ের পর তাঁদের বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) নিরাপত্তা বাহিনীর একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর ভোররাতে রাজধানীর শ্যামলী এলাকায় মোহাম্মদ শরিফ নামের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে তুলে নিয়ে মারধর করা হয় এবং তাঁর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়।
ঘটনার দিনই মোহাম্মদপুর থানা-পুলিশ ডিজিএফআইয়ের ওই দুই সদস্যসহ ছয়জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার অন্যরা হলেন আনসার সদস্য সোহেল রানা এবং বেসরকারি নিরাপত্তাকর্মী মুকুল গাজী, মাহফুজুর রহমান ও জিয়াউল ইসলাম। এ ঘটনায় ভুক্তভোগী শরিফ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।
পরে আদালত ছয়জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর সামরিক কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ডিজিএফআইয়ের দুই সদস্যকে তাদের হেফাজতে দেওয়ার অনুমতি দেন আদালত। সামরিক আইনে বিচার শেষে কোর্ট মার্শাল তাঁদের দোষী সাব্যস্ত করে চাকরিচ্যুতি ও এক বছরের কারাদণ্ডের আদেশ দেন।