কপ-৩১ সম্মেলনে যোগ দিতে ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ৩১তম সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু এ তথ্য জানান।
আগামী ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত তুরস্কের আন্তালিয়ায় এবারের জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের সভাপতিত্ব করবে তুরস্ক, আর আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া।
ব্রিফিংয়ে জানানো হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ প্রতিবছর প্রায় ১ হাজার ৫২০ কোটি মার্কিন ডলারের ক্ষতির মুখে পড়ছে। এই হিসাব তুলে ধরে সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি পূরণের জোরালো দাবি জানাবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ বলেন, ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি তোলা হবে। একই সঙ্গে জলবায়ু ঝুঁকিতে থাকা দেশগুলো যাতে এই তহবিল থেকে প্রকৃতপক্ষে অর্থ পায়, সে বিষয়েও চেষ্টা চালানো হবে। ঝুঁকিপূর্ণ দেশগুলোর সঙ্গে জোটবদ্ধভাবে এসব দাবি উত্থাপন করা হবে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা জানান, এবারের সম্মেলনে নতুন প্রতিশ্রুতির পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়নের ওপর বিশেষ জোর দেওয়া হবে।