কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযান, মদ-গাঁজা-ট্যাপেন্টাডলসহ আটক ২।
তানভীর আজাদ কুষ্টিয়াপ্রতিনিধি | New York Voice Bangla:
কুষ্টিয়ার দৌলতপুরসহ বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা মাদক ও অন্যান্য পণ্যের আনুমানিক সিজার মূল্য ১০ লাখ ৩৩ হাজার ৮৫০ টাকা।
রোববার (১ নভেম্বর) দুপুরে ৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (৩১ অক্টোবর) রাত ৮টা ৩০ মিনিটে রামকৃষ্ণপুর বিওপির টহল দল সীমান্তসংলগ্ন মোহাম্মাদপুর মাঠে অভিযান চালিয়ে সুভেল (২৬) নামে এক যুবককে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ভারতীয় ১০ বোতল মদ, ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
একই দিন রাত ১২টা ৪৫ মিনিটে পশ্চিম ধর্মদাহ বিওপির সদস্যরা পশ্চিম ধর্মদাহ মাঠ থেকে মালিকবিহীন অবস্থায় ২১ বোতল ভারতীয় মদ ও ৯৯৮ পিস চকলেট বাজি উদ্ধার করেন। এর ১০ মিনিট পর প্রাগপুর বিওপির টহল দল প্রাগপুর চুলকানির ঘাট এলাকা থেকে চার কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।
এদিকে, রাত ৭টা ৩০ মিনিটে কাজিপুর বিওপির টহল দল কাজিপুর ব্রিজ বাজার এলাকায় অভিযান চালিয়ে সাইদুর ইসলাম (৪০) নামে আরও একজনকে আটক করে। তাঁর কাছ থেকে এক বোতল ভারতীয় ফেয়ারডিল সিরাপ ও তিন বোতল স্কাপ সিরাপ উদ্ধার করা হয়।
এ ছাড়া রাত ১১টা ৩০ মিনিটে তেঁতুলবাড়ি বিওপির সদস্যরা তেঁতুলবাড়ি মোল্লাপাড়া মাঠে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ ও তিন হাজার পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করেন।
বিজিবি সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্ধার করা মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
৪৭ বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়ন জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান এবং গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।