সেনবাগে একদিনে দুই নারীর অস্বাভাবিক মৃত্যু, পৃথক ঘটনায় এলাকায় চাঞ্চল্য
নোয়াখালীর সেনবাগ উপজেলায় একদিনে পৃথক দুটি ঘটনায় দুই নারীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার (১ নভেম্বর) উপজেলার কেশারপাড় ও নবীপুর ইউনিয়নে এ দুটি ঘটনা ঘটে। এর মধ্যে একজন গৃহবধূর মরদেহ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। অপর নারী পারিবারিক কলহের জেরে কীটনাশক পান করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার বিকেলে উপজেলার ২ নম্বর কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের বদির বাপের বাড়ির একটি বসতঘর থেকে ফাতেমা বেগম পপি (২৩) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই গ্রামের রবিন উদ্দিনের স্ত্রী। তবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে একই দিন সকালে উপজেলার ৯ নম্বর নবীপুর ইউনিয়নের দেবীশিংপুর গ্রামের আলমের নতুন বাড়িতে পারিবারিক কলহের জেরে আমেনা বেগম (৫৩) নামে এক নারী কীটনাশক পান করেন। তিনি মৃত আবুল কাশেমের মেয়ে। পরে তাঁর মৃত্যু হয়।
এ দুটি ঘটনায় সেনবাগ থানায় পৃথক দুটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গৃহবধূ ফাতেমা বেগম পপির মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর কথা রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
একই দিনে উপজেলার পৃথক দুটি স্থানে দুই নারীর এমন অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।