প্রধানমন্ত্রীর উপস্থিতিতে মোংলায় বাংলাদেশ-চীন অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা সমঝোতা স্মারক সই
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে বাগেরহাটের মোংলায় এ সমঝোতা স্মারক সই হয়।
ইনভেস্ট বাংলাদেশ এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে এ সমঝোতা স্মারক সই হয়। ইনভেস্ট বাংলাদেশের পক্ষে শিল্পাঞ্চল বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা প্রতিষ্ঠানের পক্ষে লি চংইয়াং স্বাক্ষর করেন।
অনুষ্ঠানে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেন উপস্থিত ছিলেন।
এ সমঝোতার ফলে অবকাঠামো, পরিবহন, পণ্য পরিবহন ও সংরক্ষণব্যবস্থা, শিল্প, জ্বালানি, পরিবেশ এবং দক্ষতা উন্নয়ন খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর সুযোগ তৈরি হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিন সকাল ৯টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে মোংলায় পৌঁছান। সমঝোতা স্মারক সই অনুষ্ঠানের পাশাপাশি তিনি চীনা প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করেন। সফরসূচি অনুযায়ী মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নের ভিত্তিপ্রস্তর স্থাপনের কর্মসূচিও রয়েছে তাঁর।