রিপাবলিকানদের হারে জলে গেল মাস্কের ৪৭ কোটি ডলার
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জেতাতে রেকর্ড পরিমাণ অর্থ ঢেলেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বিভিন্ন হিসাবে তাঁর ব্যয়ের পরিমাণ প্রায় ৪৭ কোটি ৪০ লাখ (৪৭৪ মিলিয়ন) ডলার। কিন্তু কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়ে সেই বিনিয়োগ কার্যত বিফলে গেছে।
নিউজউইকের প্রতিবেদন অনুযায়ী, ১৪ অক্টোবর পর্যন্ত মাস্ক রিপাবলিকানদের পক্ষে ৪৪ কোটি ৫০ লাখ ডলারের বেশি দিয়েছেন, যা এই নির্বাচনী মৌসুমে দ্বিতীয় শীর্ষ দাতার প্রায় তিন গুণ। এর মধ্যে নিজের ‘আমেরিকা প্যাক’-এ ২১ কোটি ৬০ লাখ ডলার, সিনেট লিডারশিপ ফান্ডে ১৬ কোটি ৮০ লাখ ডলার এবং প্রতিনিধি পরিষদের রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা রক্ষায় কংগ্রেশনাল লিডারশিপ ফান্ডে ৩ কোটি ডলার দেন তিনি।
শুধু টেক্সাসেই রিপাবলিকান সিনেট প্রার্থী কেন প্যাক্সটনের পক্ষে ২০ কোটি ডলারের বেশি খরচ হয় মাস্কের অর্থ থেকে। তবু সেখানে ডেমোক্র্যাট জেমস তালারিকো জয়ী হয়েছেন—১৯৮৮ সালের পর টেক্সাসে এটিই ডেমোক্র্যাটদের প্রথম সিনেট জয়। নির্বাচনী প্রচারে তালারিকো বলেছিলেন, ‘এই সিনেট আসন ইলন মাস্কের নয়।’
ফলাফল প্রকাশের পর মাস্ক এ নিয়ে তেমন কিছু বলেননি। বুধবার এক্সে শুধু ব্যঙ্গ করে লেখেন, ‘মনে হচ্ছে এবার আমার নির্বাচনে হস্তক্ষেপকারী মহাকাশ লেজার কাজ করেনি।’
উল্লেখ্য, ২০২৫ সালের মে মাসে মাস্ক বলেছিলেন, ভবিষ্যতে রাজনীতিতে তিনি অনেক কম অর্থ ব্যয় করবেন।
তথ্যসূত্র: নিউজউইক, ফরচুন