ট্রাম্প প্রশাসনের চাপে চীনের টেনসেন্টের সঙ্গে ৭০০ কোটি ডলারের চুক্তি বাতিল করল ওরাকল
ট্রাম্প প্রশাসনের চাপে চীনের প্রযুক্তি জায়ান্ট টেনসেন্টের সঙ্গে প্রায় ৭০০ কোটি (৭ বিলিয়ন) ডলারের এআই চিপ ভাড়ার চুক্তি বাতিল করেছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান ওরাকল। বুধবার (৪ নভেম্বর) ব্রিটিশ দৈনিক ফিন্যান্সিয়াল টাইমস (এফটি) এ খবর দিয়েছে।
পাঁচ বছর মেয়াদি এই চুক্তির আওতায় দক্ষিণ-পূর্ব এশিয়ায় ওরাকলের কয়েকটি ডেটা সেন্টারের সক্ষমতা ভাড়া নেওয়ার কথা ছিল টেনসেন্টের। এতে প্রায় এক লাখ উন্নত এআই চিপ ব্যবহারের সুযোগ পেত চীনা প্রতিষ্ঠানটি, যা যুক্তরাষ্ট্র ও চীনের নিয়মের কারণে তারা দেশে কিনতে পারে না। গত অক্টোবরে এফটি প্রথম এ চুক্তির খবর দিয়েছিল এবং একে টেনসেন্টের বিদেশে সবচেয়ে বড় লিজ হিসেবে উল্লেখ করেছিল।
এফটির তথ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা চুক্তিটি নিয়ে ওরাকলের কাছে উদ্বেগ জানিয়েছিলেন। অন্যদিকে টেনসেন্টের সদর দপ্তর যে প্রদেশে, চীনের সেই গুয়াংডংয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও প্রতিষ্ঠানটিকে চীনে তৈরি চিপ ব্যবহারে উৎসাহিত করেছিলেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে এফটির প্রতিবেদন যাচাই করতে পারেনি। ওরাকল, টেনসেন্ট ও হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
এর এক দিন আগে এফটি জানিয়েছিল, এনভিডিয়া তাদের ক্লাউড অংশীদারদের সক্ষমতার সর্বোচ্চ ৪৯ শতাংশ চীনা ব্যবসার জন্য বরাদ্দ রাখতে বলেছে। মার্কিন রপ্তানি নিয়ন্ত্রণ কড়াকড়ি হওয়ায় চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো বিদেশে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়ার দিকে ঝুঁকছে।
তথ্যসূত্র: ফিন্যান্সিয়াল টাইমস, রয়টার্স