শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জামায়াত আমিরের
শ্রমিকদের ন্যায্য দাবি বিবেচনায় নিয়ে দ্রুত বেতনকাঠামো পুনর্বিন্যাসের আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় জামায়াত আমির বলেন, ‘ক্ষয়ক্ষতি আর না বাড়িয়ে, অস্থিরতা তৈরির সুযোগ আর না দিয়ে অতি দ্রুত’ সরকারকে পদক্ষেপ নিতে হবে। নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও স্বল্প মজুরির বাস্তবতায় মালিক ও শ্রমিক—দুই পক্ষের সঙ্গে আলোচনা করে অনেক আগেই বেতনকাঠামো পুনর্বিন্যাস করা উচিত ছিল বলে মন্তব্য করেন তিনি।
শিল্প ও শ্রমিকের পারস্পরিক নির্ভরতার কথা তুলে ধরে শফিকুর রহমান বলেন, ‘শিল্প বাঁচলে দেশ বাঁচবে। কিন্তু এটাও ঠিক যে শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে।’ শ্রমিকদের ন্যায্য অধিকারের প্রতি সমর্থন জানিয়ে তিনি কারখানার মালিকদের প্রতি শ্রমিকদের নিজের পরিবারের সদস্যের মতো বিবেচনা করার আহ্বান জানান।
গাজীপুরে পোশাকশ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়ে জামায়াত আমির এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
পোশাকশিল্পকে দেশের প্রধান রপ্তানি খাত উল্লেখ করে তিনি সতর্ক করেন, এ খাতে বড় ধরনের বিপর্যয় হলে পুরো অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। কেউ যাতে এই অস্থিরতার সুযোগ নিতে না পারে, সে বিষয়ে সরকার ও সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।
ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে কয়েক দিন ধরে গাজীপুর, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও মিরপুরে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। বেশ কিছু কারখানা বন্ধ রয়েছে এবং কয়েকটি স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এদিকে বুধবারই ন্যূনতম মজুরি বোর্ডের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মালিক ও শ্রমিক প্রতিনিধিরা জানিয়েছেন, ডিসেম্বরের মধ্যে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করে জানুয়ারি থেকে বাড়তি বেতন দেওয়ার লক্ষ্যে কাজ চলছে। একই দিন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ চলমান সহিংসতার পেছনে রাজনৈতিক স্বার্থান্বেষী মহলের ইন্ধন রয়েছে বলে মন্তব্য করেন।