সমবায়ের ঐক্যবদ্ধ শক্তিতে অর্থনৈতিক উন্নয়নের আহ্বান
নোয়াখালী'র কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন
‘করবো সমবায়, গড়বো দেশ—সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা সমবায় অধিদপ্তরের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে উপজেলা প্রশাসন চত্বর থেকে বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ ও সদস্যদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা স্মৃতি প্রভা নন্দী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক শহীদ উল্যাহ খোকন।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল মান্নান।
আলোচনা সভায় বক্তব্য দেন সিরাজপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি আব্দুল মতিন, চাপরাশিরহাট বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. রইছ উদ্দিন মাসুদ, বসুরহাট পৌর বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সভাপতি সুলতান নাসির উদ্দীন মুন্না, বসুরহাট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সম্পাদক জাহিদুর রহমান রিপন, বামনী মৎস্যচাষি সমবায় সমিতি লিমিটেডের প্রতিনিধি আনিসুল হক, মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমবায় সমিতির শহীদ উল্যাহ খোকন ও একাডেমিক সুপারভাইজার বেলায়েত হোসেন।
বক্তারা বলেন, সমবায় শুধু সঞ্চয় ও ঋণভিত্তিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ না রেখে স্থানীয় উৎপাদন, কর্মসংস্থান ও উদ্যোক্তা সৃষ্টির অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য সমবায় সমিতিগুলোর কার্যক্রম সম্প্রসারণ, সহজ শর্তে ঋণপ্রাপ্তি, আধুনিক প্রশিক্ষণের সুযোগ এবং সরকারি সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তারা।
তারা আরও বলেন, পারস্পরিক সহযোগিতা, ঐক্য ও সম্মিলিত উদ্যোগ সমবায়ের মূল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে স্থানীয় অর্থনীতিকে গতিশীল করা এবং সাধারণ মানুষের আর্থিক সক্ষমতা বাড়াতে সমবায়ভিত্তিক উদ্যোগকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করা প্রয়োজন।
সভায় সমবায়ীদের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের সমন্বিত উদ্যোগ এবং সমবায় খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ, সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
র্যালি, আলোচনা সভা ও সমবায়ভিত্তিক উন্নয়ন নিয়ে মতবিনিময়ের মধ্য দিয়ে কোম্পানীগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবসের কর্মসূচি শেষ হয়।





