ওকাসিও-কর্টেজকে প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে উৎসাহ দিতে ‘রেডি ফর এওসি’ প্রচারণা শুরু
নিউইয়র্কের ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে উৎসাহ দিতে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু করেছে ‘রেডি ফর এওসি’ নামের একটি রাজনৈতিক সংগঠন। সোমবার (৯ নভেম্বর) সংগঠনটি এ উদ্যোগের ঘোষণা দেয় বলে জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস।
প্রগতিশীল কর্মীদের একটি নেটওয়ার্কের সমর্থনে স্বেচ্ছাসেবকনির্ভর এই সংগঠন দেশজুড়ে ১০ হাজার স্থানীয় নেতা ও সংগঠককে যুক্ত করতে চায়। তাঁদের মাধ্যমে ওকাসিও-কর্টেজের প্রেসিডেন্ট পদে প্রার্থিতার পক্ষে অন্তত ১০ লাখ মানুষের স্বাক্ষর সংগ্রহের লক্ষ্য নিয়েছে তারা। এরই মধ্যে ৩৫টি অঙ্গরাজ্যের পাঁচ শতাধিক স্থানীয় রাজনৈতিক ও শ্রমিকনেতা এতে যুক্ত হয়েছেন বলে জানানো হয়েছে।
সংগঠনের মুখপাত্র রবি সাহাই বলেন, ওকাসিও-কর্টেজ যদি প্রেসিডেন্ট পদে লড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাঁর জন্য একটি শক্তিশালী তৃণমূল আন্দোলন গড়ে তোলাই তাঁদের লক্ষ্য।
তবে ওকাসিও-কর্টেজ নিজে এখনো প্রার্থিতার ঘোষণা দেননি। তিনি জানিয়েছেন, মধ্যবর্তী নির্বাচনের পর প্রেসিডেন্ট পদে লড়ার বিষয়টি বিবেচনা করবেন। নিউইয়র্ক থেকে সিনেট আসনে লড়ার সম্ভাবনাও তিনি নাকচ করেননি।
২০২৮ সালের ডেমোক্রেটিক প্রাইমারিতে বহু প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য রো খান্নাকেও প্রার্থী হিসেবে দেখতে চান তাঁর সমর্থকদের একাংশ।
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ। ফাইল ছবি: Gage Skidmore / উইকিমিডিয়া কমন্স (CC BY-SA 2.0)





