কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভেনিয়ার নির্বাচনের ফলাফল স্থগিত
সংবিধানের নির্বাচনী ধারা লঙ্ঘনের লিখিত অভিযোগ, ৯০ দিনের মধ্যে তিন কমিটির যৌথ জরুরি সভা
যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সংগঠন কোম্পানীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটি অব পেনসিলভেনিয়া ইউএসএ, ইনকের ২০২৭-২৮-২৯ মেয়াদের নির্বাচনের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়েছে। সংগঠনের ট্রাস্টি বোর্ড ৮ নভেম্বর ২০২৬ তারিখে এক জরুরি নোটিশে এ সিদ্ধান্ত জানিয়েছে।
নোটিশে বলা হয়, নির্বাচনের যাচাই-বাছাই পর্বে নির্বাচন কমিশনার সংগঠনের বর্তমান সংবিধানের নির্বাচনী ধারা লঙ্ঘন করেছেন বলে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ অনুযায়ী লঙ্ঘিত হয়েছে ধারা ২৩-এর ১ ও ৮ উপধারা। এতে জটিলতা তৈরি হওয়ায় সংগঠনের ধারা ২৫ ও ৩২-এর ক্ষমতাবলে ফলাফল স্থগিত ঘোষণা করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজুল হক ও বোর্ডের সদস্যরা।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত বর্তমান কার্যকরী কমিটিই সংগঠনের কার্যক্রম চালিয়ে যাবে। ট্রাস্টি বোর্ড আগামী ৯০ দিনের মধ্যে কার্যকরী পরিষদ, উপদেষ্টামণ্ডলী ও ট্রাস্টি বোর্ড, এই তিন কমিটির যৌথ জরুরি সভা ডাকবে। ওই সভায় তিন কমিটির সব সদস্যের উপস্থিতিতে নির্বাচনের ফলাফল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। ততদিন নির্বাচনের সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে বলে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে সই করেছেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজুল হক এবং বোর্ডের সদস্য সৈয়দ সিরাজ, আলী জাকের ও আলাউদ্দিন জাহাঙ্গীর। বোর্ডের আরেক সদস্য মহিউদ্দিন ভূঁইয়া মিন্টুর নামও নোটিশে আছে, তবে তাঁর নামের ওপর কোনো সই দেখা যায়নি।
সংগঠনটির কার্যালয় পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে (৬২ রিচফিল্ড রোড)।
ট্রাস্টি বোর্ডের জারি করা নির্বাচন-সংক্রান্ত জরুরি নোটিশ





