১৬ ডিসেম্বর আংশিক চালু হচ্ছে শাহজালালের তৃতীয় টার্মিনাল, শুরুতে চারটি ফ্লাইট
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে। শুরুতে দুটি আগমনী ও দুটি বহির্গামী—মোট চারটি ফ্লাইট দিয়ে টার্মিনালটির কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
শনিবার (১৪ নভেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সম্মেলনকক্ষে টার্মিনাল চালুর প্রস্তুতিসভায় মন্ত্রী এ কথা জানান। ধাপে ধাপে কার্যক্রম চালুর পরিকল্পনার অংশ হিসেবে প্রথমে সীমিত পরিসরে ফ্লাইট পরিচালনা করা হবে, পরে পূর্ণাঙ্গভাবে টার্মিনাল চালুর লক্ষ্য রয়েছে। তবে পূর্ণাঙ্গ চালুর নির্দিষ্ট তারিখ জানানো হয়নি।
সভায় ইমিগ্রেশন বুথ চালু, ব্যাগেজ বেল্ট ও স্ক্যানার স্থাপন, ট্রায়াল অপারেশন এবং বিভিন্ন চুক্তি সইয়ের বিষয়ে আলোচনা হয়। মন্ত্রী সংশ্লিষ্ট সব সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দিয়ে বলেন, তৃতীয় টার্মিনাল বর্তমান সরকারের একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
সভায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনসচিব ড. নুরুন্নাহার চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানসহ মন্ত্রণালয়, বেবিচক ও জাপানি কনসোর্টিয়ামের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এর আগে গত সেপ্টেম্বরে মন্ত্রী জানিয়েছিলেন, টার্মিনালটির সফট ওপেনিং হলেও ভেতরের যন্ত্রপাতির সমন্বয় না হওয়ায় তা চালু করা যায়নি। পূর্ণাঙ্গভাবে চালু হলে টার্মিনালটি দিয়ে দৈনিক প্রায় ২০০ ফ্লাইট পরিচালনা করা সম্ভব হবে বলে সে সময় জানানো হয়।
ফাইল ছবি





