দক্ষিণ চীন সাগরের আচরণবিধি নিয়ে একমত হতে পারল না আসিয়ান-চীন
দক্ষিণ চীন সাগরে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে প্রস্তাবিত আচরণবিধি (কোড অব কন্ডাক্ট) চূড়ান্ত করতে পারেনি দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ান ও চীন। ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় রোববার (১৫ নভেম্বর) শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনে বিষয়টি নিষ্পত্তি হয়নি।
ফিলিপাইনের পররাষ্ট্রমন্ত্রী তেরেসা লাজারো জানান, খসড়ার প্রায় ৮০ শতাংশে প্রাথমিক সমঝোতা হলেও আলোচনা শেষ হয়নি। তিনি বলেন, "এখনো কোনো উপসংহারে পৌঁছানো যায়নি। আসিয়ান দেশগুলো ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নমত রয়েছে।" আচরণবিধিটি আইনগতভাবে বাধ্যতামূলক হবে কি না, সেটিসহ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অমীমাংসিত রয়ে গেছে।
চলতি বছর আসিয়ানের সভাপতি দেশ ফিলিপাইন ২০২৬ সালের মধ্যেই চুক্তি সম্পন্নের প্রতিশ্রুতি দিয়েছিল। লাজারো আশা প্রকাশ করেন, ২০২৭ সালে সিঙ্গাপুর সভাপতির দায়িত্ব নেওয়ার পর আচরণবিধি চূড়ান্ত হতে পারে।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজের বলে দাবি করে চীন, যা ব্রুনেই, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের একান্ত অর্থনৈতিক অঞ্চলের সঙ্গে সাংঘর্ষিক। ২০১৬ সালে আন্তর্জাতিক সালিসি আদালত চীনের দাবির আইনি ভিত্তি নেই বলে রায় দিলেও বেইজিং তা প্রত্যাখ্যান করে। চীনের দাবি, তাদের কর্মকাণ্ড বৈধ ও পেশাদার।
সম্মেলনে মিয়ানমারের শীর্ষ নেতার আসিয়ান সম্মেলনে অংশগ্রহণে নিষেধাজ্ঞাও বহাল রাখা হয়েছে। ২০২১ সালের পাঁচ দফা ঐকমত্য বাস্তবায়নে অগ্রগতি না হওয়ায় আসিয়ান নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং বেসামরিক মানুষ ও স্থাপনায় হামলা বন্ধের আহ্বান জানান।
সূত্র: আল জাজিরা, রয়টার্স
ছবি: এপি





