বাংলাদেশকে অর্থায়নের যোগ্য ঘোষণা করল মার্কিন উন্নয়ন অর্থায়ন সংস্থা ডিএফসি
বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে অর্থায়নের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি উন্নয়ন অর্থায়ন প্রতিষ্ঠান ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)। সোমবার (১৬ নভেম্বর) সংস্থাটি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে তাদের অর্থায়নের যোগ্য দেশ হিসেবে ঘোষণা করেছে।
ডিএফসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি খাতে মার্কিন বেসরকারি বিনিয়োগের সুযোগ তৈরি হলো। ডিএফসির অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধার আওতায় বাণিজ্যিকভাবে কার্যকর প্রকল্পগুলো অর্থায়ন পাবে। এতে বিনিয়োগ ঘাটতি পূরণ, কর্মসংস্থান সৃষ্টি ও স্থানীয় ব্যবসা শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
ডিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা বেন ব্ল্যাক বলেন, বাংলাদেশের এই যোগ্যতা অর্জন দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করবে।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের জন্যও এ সিদ্ধান্ত দেশে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।
সূত্র: ডিএফসি, প্রথম আলো
ছবি: সংগৃহীত





