ব্রঙ্কসের কো-অপ সিটিতে গুলিতে দুই নিরাপত্তা কর্মকর্তা আহত, অভিযুক্তের লাশ উদ্ধার
নিউইয়র্কের ব্রঙ্কসের কো-অপ সিটি আবাসিক এলাকায় একটি ভবনে গুলিতে কো-অপ সিটি পাবলিক সেফটি বিভাগের দুই কর্মকর্তা আহত হয়েছেন। পরে ওই অ্যাপার্টমেন্ট থেকে অভিযুক্ত বন্দুকধারীর লাশ উদ্ধার করা হয়। সোমবার (১৬ নভেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এবিসি সেভেন নিউইয়র্ক জানায়, একটি কলে সাড়া দিয়ে ভবনের ভেতরে গেলে দুই কর্মকর্তা গুলিবিদ্ধ হন। তাঁদের জ্যাকোবি হাসপাতালে নেওয়া হয়েছে; তাঁদের অবস্থা স্থিতিশীল।
গুলির পর এনওয়াইপিডি, ফেডারেল এজেন্ট ও জিম্মি উদ্ধারে আলোচনাকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। বাসিন্দারা জানান, ঘটনাটি ঘটে ভবনের ২৫ তলায়। পুলিশ দরজায় দরজায় গিয়ে আশপাশের বাসিন্দাদের সরিয়ে নেয়।
এক ঘণ্টার কম সময়ের মধ্যে এনওয়াইপিডির ইমার্জেন্সি সার্ভিস ইউনিটের সদস্যরা অ্যাপার্টমেন্টে ঢুকে ৫৬ বছর বয়সী অভিযুক্তকে মৃত অবস্থায় পান। ধারণা করা হচ্ছে, তিনি নিজের গুলিতে মারা গেছেন। ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ।
সূত্র: এবিসি সেভেন, এনওয়াই ওয়ান
ছবি: এপি





