আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে ঐক্যের পথে দলগুলো, শর্ত দিচ্ছে জামায়াত-এনসিপি
নিষিদ্ধ আওয়ামী লীগের বিরুদ্ধে একের পর এক নাশকতা ও সহিংসতার অভিযোগের মধ্যে শেখ হাসিনাবিরোধী রাজনৈতিক দলগুলো আবারও এক মঞ্চে আসার পথে। তবে সরকারের ডাকে সাড়া দেওয়ার আগে নিজেদের শর্ত সামনে আনছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানান। তিনি বলেন, “দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত থাকুক, ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য অব্যাহত থাকুক।” তাঁর অভিযোগ, সীমান্তের ওপার থেকে ধর্ম, হরতাল বা অন্য নামে কর্মসূচি দিয়ে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা চলছে।
এ আহ্বানকে স্বাগত জানান বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তবে তিনি জুড়ে দেন, “আগামীতে আমরা এখানে বসে যা বলবো, তারপর যেন কার্যকর পদক্ষেপ নেয়া হয়, সেটাই আমরা দেখতে চাই।” তাঁর মতে, শুধু বক্তব্যে দায়িত্ব শেষ হয় না, ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে কার্যকর উদ্যোগ দরকার।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পরিস্থিতি সামাল দিতে ক্ষমতাসীন বিএনপি সর্বদলীয় বৈঠকের কথা ভাবছে। সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকেও অনানুষ্ঠানিকভাবে বিষয়টি ওঠে। সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, “প্রয়োজন হলে অবশ্যই সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ হবে।”
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের ভাষ্য, সরকার ইতিবাচক মনোভাব দেখালে জাতীয় স্বার্থে বিরোধী দল অবশ্যই সহযোগিতা করবে। দলটির একজন জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায়কে সম্মান জানানোই তাদের সহযোগিতার শর্ত।
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ দেশজুড়ে হামলার আয়োজন করছে, তাই ফ্যাসিবাদবিরোধী শক্তির ঐক্য নতুন করে জোরদার করা দরকার। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগকে “জাতীয় শত্রু” আখ্যা দিয়ে বলেছেন, সরকার একা পরিস্থিতি সামলাতে না পারলে সহযোগিতা চাওয়া উচিত।
এদিকে ডিসেম্বরকে ঘিরে মহাসড়ক অবরোধ, রেলপথে নাশকতা ও যানবাহনে হামলার আশঙ্কার কথা বলছেন রাজনৈতিক নেতারা। ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দিলেও অনেক নেতা ও সরকারি গোয়েন্দা সূত্র তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে।
ছবি: সংগৃহীত





