ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকান্ড ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মুক্তার আলী ও ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী গুরুতর জখম হয় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
প্রতিবেশীরা জানায়, শুক্রবার বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে মো. রনির জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সঙ্গে কথা-কাটাকাটি হয়। পরে সেই কথা-কাটাকাটি থেকে এক পর্যায়ে মারামারিতে রুপ নেয়। মারামারির এক পর্যায়ে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে আঘাত করেন। ঘটনাস্থলে আবুল কাশেম গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে মারা যায়। উভয়ের মধ্যে পূর্বে থেকে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা দায়ের হয়নি।