‘হাসিনা পাসপোর্টের আবেদনই করেননি’, বিভ্রান্তিকর শিরোনাম নিয়ে যা বললেন উপ-প্রেস সচিব
শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তাঁর ‘আবেদন’ নিয়ে কিছু গণমাধ্যমের শিরোনামকে তিনি বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন। সোমবার (৯ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে তিনি এ কথা বলেন।
উপ-প্রেস সচিব লেখেন, ‘শেখ হাসিনা নতুন পাসপোর্ট বা এনআইডির জন্য কোনো আবেদন করেননি।’ এ ধরনের শিরোনাম জনমনে বিভ্রান্তি ছড়ায় বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান তাঁকে নিশ্চিত করেছেন যে লন্ডনের আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে একটি ই-মেইল পাঠিয়েছে। তবে ই-মেইলে শেখ হাসিনার অনুমোদনের কোনো প্রমাণ ছিল না, তাই অনুরোধটি আদৌ সঠিক কি না, তা হাইকমিশন জানে না। ই-মেইলটি পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
পাসপোর্টের আবেদনপ্রক্রিয়া তুলে ধরে উপ-প্রেস সচিব বলেন, আবেদন ব্যক্তিকে নিজেকেই করতে হয়। প্রথমে অনলাইনে ফরম পূরণ করে পরে পাসপোর্ট অফিস বা বিদেশে বাংলাদেশ মিশনে সশরীরে উপস্থিত হয়ে ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিসের তথ্য দিতে হয়। রয়টার্স ও এপির প্রতিবেদনে শেখ হাসিনার পক্ষ থেকে এমন কোনো ফরম জমা বা বায়োমেট্রিক তথ্য দেওয়ার উল্লেখ নেই।
তাঁর মতে, ম্যাট্রিক্স চেম্বার্সের চিঠিটি আনুষ্ঠানিক আবেদন নয়, বরং ‘প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার’ অনুরোধ। ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে উদ্দেশ করে লেখা ওই চিঠিতে বলা হয়, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার বিদ্যমান পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে, এই প্রেক্ষাপটে নতুন পাসপোর্ট ও এনআইডি দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
জাতীয় সংসদ ভবন, বাংলাদেশি পাসপোর্ট ও শেখ হাসিনা (ফাইল ছবি কোলাজ)। ছবি: MD SAIFUL AMIN (CC BY-SA 4.0), Smsshafi (CC BY 3.0), যুক্তরাজ্যের ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিস (OGL) / উইকিমিডিয়া কমন্স





