শার্শায় ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
যশোরের শার্শায় ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার সন্ধ্যার দিকে শার্শা উপজেলার কামাড়বাড়ী সাড়াতলা সড়কের সুবর্ণখালী তিন রাস্তার মোড় এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয় ওই মোড়ের ব্যবসায়ীরা।
নিহত মোটরসাইকেল চালক ডাবলু (৩৫) উপজেলার সুবর্ণখালী গ্রামের আবুল হোসেনের ছেলে এবং মারাত্নক আহত মোটরসাইকেল আরোহী মেহেদী হাসান রিফাত (১৯) একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শী বিশিষ্ট ব্যবসায়ী মশিয়ার রহমান বলেন, ব্যাটারিচালিত একটি ভ্যান সাড়াতলা বাজার থেকে উপজেলা সদরে আসছিল। এসময় সুবর্ণখালী তিন রাস্তার মোড় নামক স্থানে পৌছালে মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক ডাবলু ও পেছনে থাকা আরোহী রিফাত ছিটকে সড়কে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক ডাবলুকে মৃত ঘোষণা করেন।
শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাহারিয়ার সাকিব বলেন, হাসপাতালে পৌছানোর আগেই ডাবলুর মৃত্যু হয়েছে। গুরুতর আহত রিফাত বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
নাভারন হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখনও কেউ অভিযোগ করেনি।





