খাসিয়া পুঞ্জিতে তাণ্ডব, কেটে দিলো ৮ হাজার পানগাছ
তিমির বনিক,
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় ৯টি পরিবারের পানজুমের ৮ হাজারের ও বেশি পানগাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। বুধবার দিবাগত রাতে পুঞ্জির পানজুমে ঢুকে গাছগুলো কেটে ফেলে দুর্বৃত্তরা। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ১৩ নম্বর কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জির বাসিন্দা লিকিন খংপডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম ও মাসার তংপের—এই নয়টি পরিবারের পানজুমের গাছ কেটে ফেলা হয়েছে।
ক্ষতিগ্রস্ত জুম মালিক নাসরিন পতাম বলেন, “কে বা কারা এই কাজ করেছে, তা আমরা জানি না। তবে যারা এই কাজ করেছে, তারা নিশ্চয়ই জানে খাসিয়াদের জীবিকা ধ্বংস করার সহজ উপায় হলো পানগাছ কেটে ফেলা। খাসিয়ারা সারাদিন জুমে কাজ করেন। সেই সুযোগে রাতের আঁধারে পানজুমের গাছগুলো কেটে দেওয়া হয়েছে।”
নার্সারি খাসিয়া পুঞ্জির মন্ত্রী (প্রধান) জনি পতাম বলেন, “আমরা নিরীহ মানুষ। পান চাষ করেই সংসার চালাই। একটি পানগাছ থেকে উৎপাদন পেতে প্রায় চার বছর যত্ন নিতে হয়। অথচ দায়ের এক কোপে চার বছরের পরিশ্রম ও বিনিয়োগ শেষ হয়ে যায়। পুঞ্জির নয়টি পরিবারের জীবিকা নির্বাহের পথ নিমিষেই ধ্বংস হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “আমরা খুবই ভয়ের মধ্যে আছি। পানগাছই আমাদের একমাত্র আয়ের উৎস। ইতোমধ্যে প্রশাসনের লোকজন ঘটনাস্থলে এসে সরেজমিন তদন্ত করেছেন। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছি।”
এ বিষয়ে আজ শুক্রবার ২ সেপ্টেম্বর কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জহিরুল ইসলাম মুন্নার সাথে যোগাযোগ করলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি এবং এ বিষয়ে রীতিমতো আমরা কাজ করছি। জরিত যেই হোক আইনগত ব্যবস্থা নেয়া হবে।