কুষ্টিয়া সীমান্তে পৃথক অভিযানে ১৫ লাখ টাকার মাদক ও পণ্য জব্দ।
তানভীর আজাদ
কুষ্টিয়া প্রতিনিধি॥
কুষ্টিয়া সীমান্তে পৃথক তিনটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও অন্যান্য পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মাদক ও পণ্যের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৪ হাজার ৪৭৫ টাকা।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মুন্সিগঞ্জ খেয়াঘাটে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়।
অপরদিকে, একই দিন ভোর ৫টার দিকে চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ডিগ্রিরচরে অভিযান চালিয়ে ৯৬০টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজারটি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে জামালপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার পাকুড়িয়ায় পৃথক অভিযান চালায় বিজিবি। এ অভিযানে মালিকবিহীন অবস্থায় আট বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বিজিবির তথ্যমতে, তিনটি অভিযানে মোট ১০ বোতল ইস্কাফ সিরাপ, ২ হাজার ৯৬৯টি ডেক্সামেথাসন ট্যাবলেট, ১ হাজার ৯৯৬টি সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, আট বোতল ভারতীয় মদ এবং ৩৪৫ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়েছে।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানিয়েছে, সীমান্ত দিয়ে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান ও নজরদারি চালানো হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।