নবিতে আরও দুটি বিভাগ চালু সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ২০২৬ -২০২৭ শিক্ষাবর্ষ থেকে আরও দুটি নতুন বিভাগ চালু হতে যাচ্ছে। নতুন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইংরেজি বিভাগ চালুর সক্ষমতা যাচাই করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। শুক্রবার সকালে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষ থেকেই বিভাগ দুটি চালু করার সক্ষমতা আছে কিনা তা যাচাই বাছাই করতে আসেন মঞ্জুরী কমিশনের একটি টিম।
এই টিমের নেতৃত্ব দিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরী কমিশনের অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগ) এবং সিনিয়র সহকারী পরিচালক নূর ইসলাম চৌধুরী।
যাচাই বাছাই শেষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর সভাপতিত্বে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ও বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফজলে হুদা বাবুল ও আরেক সিন্ডিকেট সদস্য নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ড. ইকবাল আজিজ খান ও রা. বি. ইংরেজি বিভাগের শিক্ষক প্রফেসর ড. মমিনুল ইসলাম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আমেনা আক্তার, আইন বিভাগের শিক্ষার্থী তিথি চৌধুরী এবং হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নাসিফ আরশাদ।
নওগাঁ বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও উপাচার্য প্রফেসর ড. মোহা. হাছানাত আলীর প্রচেষ্টা দেখে সন্তুষ্টি প্রকাশ করে প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য ড. মো. আসলাম হোসেন বলেন, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের সক্ষমতা অনেক ভালো। নিজস্ব ভবন না হলেও অফিস কক্ষ, রিডিং রুম, শ্রেণিকক্ষগুলো অনেক পরিপাটি এবং সুন্দর। নতুন দুটি বিষয়ে পাঠদানে উপযোগী অবকাঠামো এবং পারিপার্শ্বিকতা বিদ্যমান আছে। বিশ্ববিদ্যালয়ে মেডিকেল সেন্টার এবং পরিবহন ব্যবস্থা চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি।