নওগাঁয় ৬ দিনের দুর্গাপূজা সুষ্ঠভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা
নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ জেলা জুড়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসব সুষ্ঠভাবে সম্পন্ন করতে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের শ্রী শ্রী বুড়াকালি মাতার মন্দির প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়।
এর আগে পূজা উদযাপন পরিষদের পরলোকগমণকৃত সদস্যসহ নিহত সকলের আত্মার শান্তির জন্য এক মিনিট নীরবতা ও দুই হাত তুলে প্রার্থনা করা হয়।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা এবার ৬দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। তাই বর্ধিত সভায় স্থানীয় বিভিন্ন রাজনৈতিক নেতা, এমপিসহ আইনশৃঙ্খলা বাহিনী ও সরকারের সহযোগিতা চাইলেন পূজা উদযাপন পরিষদের নেতারা।
নওগাঁ জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন সাহার সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার, যুগ্ন সাধারণ সম্পাদক ও পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার, পৌর সাধারণ সম্পাদক পুলক সরকার ও যুগ্ন সাধারণ সম্পাদক ধীরেন্দ্র নাথ কর্মকার, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাধব কর্মকার, সাধারণ সম্পাদক রিপন চন্দার ও যুগ্ন সাধারণ সম্পাদক চপল কুমার মহন্ত, জেলা পূজা উদযাপন পরিষদের সমাজ কল্যাণ সম্পাদক বাদল চৌধুরী ও দপ্তর সম্পাদক দেবাশীষ চৌধুরী অপুসহ বিভিন্ন উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রমুখ। এছাড়া ১১টি উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ১২৮টি পূজা মন্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, স্থানীয় এমপি ও আইনশৃঙ্খলা বাহিনীসহ সরকারের সহযোগিতা কামনা করে পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পিযুষ কান্তি সরকার বলেন, প্রতিমা কিভাবে তৈরি হলো বা হচ্ছে এটা নিয়ে কোনো বিভ্রান্তি বা উসকানিমূলক কারো মন্তব্যের ফাঁদে পা দেওয়া যাবেনা। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতাদের কয়েকদিন আগে ঢাকায় মাননীয় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্বরাষ্টমন্ত্রীর সাথে মিটিং হয়েছে। উনারা সুষ্ঠভাবে পূজা সম্পন্ন করার জন্য সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস ও প্রতিশ্রুতি দিয়েছেন। কাজেই আমরা পূজা উৎযাপন করবো, আনন্দ করবো। কিন্তু কোনো বিশৃঙ্খলা করবো না। কেউ বিশৃঙ্খলা করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ জানিয়ে ডীজেসহ বিভিন্ন উচ্ছৃঙ্খলতা এড়িয়ে চলার আহ্বাহ জানান তিনি।
একইভাবে সরকারের সহযোগিতা কামনা করলেন জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক প্রতাপ চন্দ্র সরকার। তিনি বলেন, এবার ৬দিন ব্যাপী শারদীয় দুর্গা পূজা উদযাপন হবে। সরকারের পক্ষ থেকে প্রতিটি মন্ডপের জন্য এবার ৬০০কেজি করে চাল অনুদান দেওয়া হয়েছে। এছাড়া কল্যাণ ট্রাস্ট থেকে আরও অনুদান দেওয়া হবে। এই জন্য এই সরকারকে অনেক ধন্যবাদ। তাই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতা, এমপি, প্রশাসন ও বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চাই। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের সকলের প্রতি অনুরোধ থাকবে কোনো উসকানীমূলক কারো বক্তব্যে আমরা কান দেবনা। এছাড়া পূজা চলাকালীন সময়ে কখন কি করতে হবে এবং কিভাবে পূজার কার্যক্রম পরিচালনা করতে হবে এসব বিষয়ে উপস্থিত সকলের জন্য দিকনির্দেশনা তুলে ধরেন তিনি।
এছাড়া অন্যান্য বক্তারা শহরের ভাঙাচোরা রাস্তা পূজার আগেই সংস্কারের আহ্বান জানিয়ে বলেন, আমরা চাই সুষ্ঠ ও সুশৃঙ্খলভাবে শারদীয় দুর্গা পূজা সম্পন্ন করতে। সেই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে আমাদেরকে সকল ধরণের সহযোগিতা করার।
জানতে চাইলে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা উপলক্ষে জেলা পুলিশ সর্বদা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে যাবে। কোনো দৃস্কৃতিকারী যেন বিশৃঙ্খলা করার সুযোগ না পায়, সেদিকে আমাদের সকলের নজরদারি থাকবে। পাশাপাশি যারা এই পূজার দায়িত্বে থাকবেন, তাদেরও সজাগ দৃষ্টি থাকতে হবে। মোট কথা জেলা পুলিশ দুর্গা পূজা উপলক্ষে সর্ব্বোচ্চভাবে সহযোগিতা করবে। পাশাপাশি নিরাপত্তার ক্ষেত্রে সতর্ক অবস্থানে থাকবে।
উল্লেখ্য, জেলায় এবার ৮২২ টি মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। আগামী ১৬অক্টোবর থেকে শুরু হওয়া ৬দিনের এই পূজায় এবার সপ্তমী দুই দিন হওয়ায় বিসর্জন হবে ২১অক্টোবর।