নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স
মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, চাঁদাবাজি, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দমনে জনসাধারণের সম্পৃক্ততা বাড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা। অপরাধসংক্রান্ত তথ্য ও অভিযোগ সরাসরি পুলিশের কাছে পৌঁছে দিতে থানার প্রধান ফটকে স্থাপন করা হয়েছে ‘মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযোগ বাক্স’।
রোববার (১৫ নভেম্বর) এ উদ্যোগের বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান সাংবাদিকদের বলেন, অভিযোগ বাক্সে তথ্য প্রদানকারীর পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। অভিযোগ পাওয়ার পর তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তিনি জানান, এ বাক্সের মাধ্যমে মাদক ব্যবসা ও সেবন, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, কিশোর গ্যাং, অপরাধচক্র, অবৈধ অস্ত্রসহ বিভিন্ন অপরাধের তথ্য জানাতে পারবেন সাধারণ মানুষ। অপরাধের তথ্য জানা থাকলেও কেউ যেন ভয় বা সংকোচের কারণে নীরব না থাকেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ওসি হাবিবুর রহমান বলেন, ‘মাদক, কিশোর গ্যাংসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক নির্মূলে বাংলাদেশ পুলিশ বদ্ধপরিকর। তবে সামাজিক অপরাধ শুধু পুলিশের একার পক্ষে নির্মূল করা সম্ভব নয়। এ জন্য সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।’
কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী পরিবারের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এ উপজেলার অধিকাংশ পরিবারের কোনো না কোনো সদস্য প্রবাসে থাকেন। অনেক ক্ষেত্রে প্রবাসী বাবার সন্তানরা সরাসরি অভিভাবকত্ব ও তদারকি থেকে বঞ্চিত হওয়ার সুযোগে কিশোর অপরাধ, মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে।
এ পরিস্থিতি থেকে সন্তানদের রক্ষায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সন্তান কার সঙ্গে মিশছে, কোথায় যাচ্ছে এবং কী করছে—এসব বিষয়ে নিয়মিত খোঁজখবর রাখার পাশাপাশি সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত পুলিশকে জানানোর পরামর্শ দেন ওসি।
তিনি আরও বলেন, কোম্পানীগঞ্জের কোথাও ছোট-বড় কোনো অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। তথ্যদাতার পরিচয় গোপন রাখাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। সাধারণ মানুষের দেওয়া তথ্য অপরাধীদের শনাক্ত এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখতে পারে।
মাদকের পাশাপাশি অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ওসি হাবিবুর রহমান। মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন স্থানে অনলাইন জুয়া খেলার প্রবণতা দেখা যাচ্ছে উল্লেখ করে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন তিনি।
এ ছাড়া নারী নির্যাতন, ইভটিজিং, সাইবার অপরাধ, মাদক সেবন এবং বিভিন্ন স্থানে অপরাধপ্রবণ আড্ডা বন্ধে সামাজিক সচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় চালক ও আরোহীদের হেলমেট ব্যবহারের আহ্বান জানান।
ওসি হাবিবুর রহমান বলেন, ‘একটি নিরাপদ, মাদকমুক্ত ও অপরাধমুক্ত কোম্পানীগঞ্জ গড়ে তুলতে পুলিশ সর্বদা কাজ করছে। এ লক্ষ্য বাস্তবায়নে পুলিশ, পরিবার ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে দায়িত্ব পালন করতে হবে।’
সংশ্লিষ্টরা মনে করছেন, থানার প্রধান ফটকে অভিযোগ বাক্স স্থাপনের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে পুলিশের যোগাযোগ আরও সহজ হবে। পাশাপাশি পরিচয় প্রকাশের আশঙ্কা ছাড়াই অপরাধের তথ্য দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় অপরাধ দমনে জনসম্পৃক্ততাও আরও জোরদার হবে।
3:24 AM





