শার্শায় সাত মামলার আসামি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক গ্রেপ্তার
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে সাতটি মামলার আসামি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার চটকাপোতা গ্রামের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ।
গ্রেপ্তার আরিফুল ইসলাম চটকাপোতা গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ জানায়, শার্শা থানায় গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলার তদন্তে আরিফুল ইসলামের সংশ্লিষ্টতার সন্দেহ পাওয়া যায়। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটির এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
পুলিশের তথ্য অনুযায়ী, আরিফুল ইসলাম শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে আগে থেকে দুটি অস্ত্র ও দুটি বিস্ফোরক মামলাসহ মোট সাতটি মামলা রয়েছে।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে যথাযথ পুলিশি প্রহরায় আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, থানা এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ বিষয়ে গ্রেপ্তার আরিফুল ইসলাম বা তাঁর পরিবারের বক্তব্য পাওয়া যায়নি।





