সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত, সভাপতি আনোয়ার, সম্পাদক মোজাম্মেল
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (রেজিঃ রাজঃ-২৯৪৩) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দিনব্যাপী সোনাহাট দাখিল মাদরাসায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে মধ্যরাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে ৯৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আনোয়ার হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল বাতেন পেয়েছেন ৮৬৮ ভোট। অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক।
নির্বাচনে মোট ১৭টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এবং বাকি ১১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৯২ জন। এর মধ্যে ১ হাজার ৮৫৩ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে অন্যান্য পদে নির্বাচিতরা হলেন—সিনিয়র সহসভাপতি মোখলেছুর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক নুর ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক ফজলুল হক, সড়ক সম্পাদক নুর হোসেন, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক রফিকুল ইসলাম এবং কার্যকরী সদস্য পদে রিপন মিয়া ও মজিবর রহমান।
নির্বাচনের সার্বিক দায়িত্ব পালন করেন সোনাহাট স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক সমিতির সভাপতি আবুল হোসেন ব্যাপারী।





