বাংলাদেশের জনগণ হাসিনাকে আর কখনো মেনে নেবে না: প্রতিমন্ত্রী আমিনুল হক
নওগাঁ প্রতিনিধিঃ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, যারা স্বপ্ন দেখছেন আপনাদের ওই স্বৈরাচারী নেত্রী দেশে আসবে, তারা এখনো বোকার রাজ্যে বাস করছেন। আপনাদের নেত্রী বাংলাদেশে আপনাদেরকে রেখে পালিয়ে গেছে, তার আর বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই। বাংলাদেশের জনগণ তাকে আর কখনো মেনে নেবে না।
মঙ্গলবার বিকেলে নওগাঁ জেলা স্টেডিয়ামে ক্রীড়া সংস্থা আয়োজিত ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন চেষ্টা করছেন দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে একটি সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার, যেখানে তিনি বলেছেন, সবার আগে বাংলাদেশ এবং সবার জন্য বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যখন আমরা কাজ করছি, ঠিক তখনই সেই স্বৈরাচারের কিছু প্রেতাত্মা, কিছু স্বৈরাচার তারা এখনও এই সমাজের ভিতরে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমি আপনাদের কাছে আহ্বান করব, আমাদের পুলিশ প্রশাসনের সকলের কাছে আহ্বান করব আমাদের সকলকেই সতর্ক থেকে ওই স্বৈরাচারদের বিরুদ্ধে কঠোরভাবে রুখে দাঁড়াতে হবে। কারণ আমরা আর কোনো স্বৈরাচারের প্রেতাত্মা দেখতে চাই না, কোনো স্বৈরাচারের বীজ আমরা বাংলাদেশে দেখতে চাই না





