আন্তালিয়ায় আজ এরদোয়ান-তারেক রহমান বৈঠক, বাণিজ্য-বিনিয়োগ বাড়ানোয় গুরুত্ব
তুরস্কের আন্তালিয়ায় আজ মঙ্গলবার (১০ নভেম্বর) দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় (বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টা) আন্তালিয়ার ম্যাক্স রয়্যাল হোটেলে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
চ্যানেল আই অনলাইনের খবরে বলা হয়, বৈঠকে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানো এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খাতে সহযোগিতার পরিধি সম্প্রসারণের বিষয়ে আলোচনা হবে। পাট ও পাটজাত পণ্যের উন্নয়নে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে একটি যৌথ ঘোষণার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ-৩১-এ যোগ দিতে মঙ্গলবার সকালে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। সঙ্গে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ইস্তাম্বুলে যাত্রাবিরতির পর তিনি আন্তালিয়ায় পৌঁছান।
তুরস্কের সভাপতিত্বে ১১ ও ১২ নভেম্বর কপ-৩১ সম্মেলন অনুষ্ঠিত হবে। ১২ নভেম্বর পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়, জলবায়ু অর্থায়ন, অভিযোজন এবং ক্ষয়ক্ষতি মোকাবিলার বিষয়গুলো গুরুত্ব পাবে। সম্মেলনের গ্রিন জোনে বাংলাদেশের একটি পাট প্যাভিলিয়নও থাকছে।
সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মিরজিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠকের পরিকল্পনা রয়েছে। শুক্রবার তাঁর দেশে ফেরার কথা।
ছবি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান (ফাইল ছবি)।





