মিশিগানের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। রোববার (৮ নভেম্বর) দুপুরে হ্যামট্রামেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ নেন। স্টেট সিনেটর, সিটি কাউন্সিলর, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতাসহ কয়েকশ মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
২০২৫ সালের নভেম্বরের নির্বাচনে শুরুতে প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবিকে ১১ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং চলতি বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব নেন। তবে ৩৭টি অনুপস্থিত (অ্যাবসেন্টি) ব্যালট গণনা না হওয়ায় মুহিত মাহমুদ আদালতের দ্বারস্থ হন। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ১৬ অক্টোবর ওই ব্যালটগুলো গণনা করা হয়।
সিবিএস নিউজ ডেট্রয়েটের খবর অনুযায়ী, চূড়ান্ত হিসাবে মুহিত মাহমুদ পেয়েছেন ২ হাজার ৮৯ ভোট, আর আলহারবি পেয়েছেন ২ হাজার ৭৭ ভোট। পরে ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্স ফল প্রত্যয়ন করে। মুহিত মাহমুদ শহরের বাসিন্দা নন দাবি করে আলহারবি মামলা করলেও ৩০ অক্টোবর এক বিচারক রায় দেন, তিনি শহরের বাসিন্দা এবং দায়িত্ব পালনের যোগ্য।
শপথ নেওয়ার পর মুহিত মাহমুদ বলেন, ‘আজ আমি আমাদের প্রিয় শহরের জন্য নতুন অধ্যায় শুরু করছি।’ অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাশ্রয়ী আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করার কথা জানান তিনি।
সাবেক সিটি কাউন্সিলর মুহিত মাহমুদের এই অর্জনকে প্রবাসী বাংলাদেশিদের নেতৃত্বের স্বীকৃতি হিসেবে দেখছেন উপস্থিত বাংলাদেশি-আমেরিকানরা।
ছবি: হ্যামট্রামেকের মেয়র হিসেবে শপথ নিচ্ছেন মুহিত মাহমুদ।





