শেখ হাসিনা দেশে ফিরলে মৃত্যুদণ্ড কার্যকর ছাড়া আর কোনো উপায় নেই: চিফ প্রসিকিউটর
সাজার বিরুদ্ধে আপিলের সময় পেরিয়ে যাওয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা ছাড়া আর কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। মঙ্গলবার (১০ নভেম্বর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
চিফ প্রসিকিউটর বলেন, রায় প্রকাশের পরও শেখ হাসিনা আপিল করেননি; ভবিষ্যতে তাঁর আর আপিল দায়েরের আইনগত সুযোগ নেই। তাঁকে দেশে ফিরিয়ে আনতে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। তাঁর ভাষায়, “যদি আসেন, তবে এক্সট্রাডিশন চুক্তির আওতাতেই আসতে হবে।”
শেখ হাসিনার পক্ষে নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে তিনি বলেন, পাসপোর্ট আইন অনুযায়ী দণ্ডিত ও বিচার এড়িয়ে পলাতক থাকা ব্যক্তিকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই। “তাই কোনো দণ্ডিত ব্যক্তির পাসপোর্ট ইস্যু করার আর কোনো এখতিয়ার পাসপোর্ট অথরিটির নেই।” সংবিধানের ৩৬ অনুচ্ছেদ নাগরিকের দেশে প্রবেশের অধিকার দিলেও তা দণ্ডিত বা পলাতক ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য নয় বলেও মন্তব্য করেন তিনি।
লন্ডনভিত্তিক একটি ল চেম্বার শেখ হাসিনার পক্ষে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্টের আবেদন করেছে উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আবেদন ব্যক্তিকে নিজেকেই করতে হয়। শেখ হাসিনার বর্তমান তৎপরতাকে তিনি “রাজনৈতিক স্টান্টবাজি” বলে আখ্যা দেন।
২০২৫ সালের নভেম্বরে জুলাই অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। ২০২৪ সালের আগস্ট থেকে তিনি ভারতে অবস্থান করছেন।
তথ্যসূত্র: দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, আমার দেশ
ছবি: ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত





