ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই, এটা ‘ধাপ্পা’: সাবেক মার্কিন কূটনীতিক ড্যানিলোভিচ
আগামী ডিসেম্বরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের সাবেক উপপ্রধান (ডেপুটি চিফ অব মিশন) জন এফ. ড্যানিলোভিচ। তাঁর মতে, দেশে ফেরার এই ঘোষণা আসলে একটি ‘ধাপ্পা’ (ব্লাফ)।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক বিশ্লেষণী প্রতিবেদনে তাঁর এ মন্তব্য প্রকাশিত হয়। পরে নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টেও মন্তব্যটি শেয়ার করেন তিনি। ড্যানিলোভিচ বলেন, ‘ডিসেম্বরে হাসিনার বাংলাদেশে ফেরার শূন্য সম্ভাবনা রয়েছে। আমার মতে, এটি পুরোটাই তাঁর সমর্থকদের চাঙা করা এবং দেশে তাঁর ক্রমেই প্রাসঙ্গিকতা হারানোর বিষয়টি আড়াল করার জন্য একটি ধাপ্পা।’
ভারতের প্রসঙ্গে এই সাবেক মার্কিন কূটনীতিক বলেন, নয়াদিল্লিতে শেখ হাসিনার অবস্থান যে ক্ষতি করছে, তা মোদি সরকারের বোঝা উচিত।
আল জাজিরার প্রতিবেদনে ঢাকার সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজের সভাপতি জিল্লুর রহমান বলেন, শেখ হাসিনা জানেন তাঁর পরিণতি কী; পাসপোর্টের আবেদনের মাধ্যমে তিনি দলীয় কর্মীদের সক্রিয় রাখতে চাইছেন। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা পরিচালক ফয়েজ সোবহান বলেন, তাঁর প্রকৃত প্রত্যাবর্তন অকল্পনীয় মনে হয়।
সম্প্রতি লন্ডনভিত্তিক একটি ল চেম্বারের মাধ্যমে নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র চাওয়া হয়। সরকার সে আবেদন নাকচ করে জানিয়েছে, দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে। ২০২৪ সালের আগস্টে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ।
ছবি: জন এফ. ড্যানিলোভিচ, সাবেক মার্কিন কূটনীতিক।





