টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে সংঘর্ষ, পুলিশের গাড়িতে আগুন
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের লগি-বৈঠা মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে টুঙ্গিপাড়া মোড় ও আশপাশের এলাকায় এ ঘটনা ঘটে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও চ্যানেল আই অনলাইনের খবরে বলা হয়, উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিপুলসংখ্যক নেতাকর্মী লগি-বৈঠা হাতে জড়ো হয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। পরে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও তাঁদের সঙ্গে যোগ দেন। পুলিশ বাধা দিতে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়া হয়।
ঘটনার সময় প্রায় দুই ঘণ্টা ওই এলাকায় যান চলাচল বন্ধ ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোপালগঞ্জ থেকে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী পাঠানো হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে গাড়ির আগুন নেভান।
এর আগে সোমবার রাতে গোপালগঞ্জ শহরের কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ ও পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ফটকে এসব বিস্ফোরণ ঘটে। শহরের বেতগ্রামে আগুন জ্বালিয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করা হয়। কোটালীপাড়ায়ও মশাল মিছিল ও ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, সোমবার রাতের ঘটনায় পুলিশ আটজনকে গ্রেপ্তার করেছে। এ সময় সাতটি মোটরসাইকেল জব্দ এবং ১৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। তিনি বলেন, মঙ্গলবার দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল।
ছবি: টুঙ্গিপাড়ায় বিক্ষোভকারীদের আগুনে জ্বলছে পুলিশের গাড়ি, আগুন নেভানোর চেষ্টা করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।





