যুক্তরাষ্ট্রের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিলেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রামেক সিটির মেয়র হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশি-আমেরিকান মুহিত মাহমুদ। রোববার (৮ নভেম্বর) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে মিশিগানের ৩১তম ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক তাঁকে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে অঙ্গরাজ্যের আইনপ্রণেতা, সিটি কাউন্সিলের সদস্য, বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির নেতারা এবং বিভিন্ন জাতিগোষ্ঠীর শত শত বাসিন্দা উপস্থিত ছিলেন। শপথের পর মুহিত মাহমুদ বলেন, “আজ আমি আমাদের প্রিয় শহরের জন্য নতুন অধ্যায় শুরু করছি।” অর্থনৈতিক প্রবৃদ্ধি, সাশ্রয়ী আবাসন, জননিরাপত্তা ও অবকাঠামো উন্নয়নে কাজ করার অঙ্গীকার করেন তিনি।
২০২৫ সালের নভেম্বরের নির্বাচনে প্রাথমিক ফলাফলে প্রতিদ্বন্দ্বী অ্যাডাম আলহারবিকে ১১ ভোটে বিজয়ী ঘোষণা করা হয়েছিল এবং তিনি চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেন। তবে হেফাজতের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন ওঠায় ৩৭টি অ্যাবসেন্টি ব্যালট তখন গণনা করা হয়নি। মুহিত মাহমুদ ব্যালটগুলো গণনার দাবিতে আদালতে যান।
আদালতের নির্দেশনার পর গত ১৬ অক্টোবর ওয়েইন কাউন্টি বোর্ড অব ক্যানভাসার্সের তত্ত্বাবধানে ব্যালটগুলো গণনা করা হয়। চূড়ান্ত হিসাবে মুহিত মাহমুদ পান ২ হাজার ৮৯ ভোট, আলহারবি পান ২ হাজার ৭৭ ভোট। পরে বোর্ড অব ক্যানভাসার্স ফল প্রত্যয়ন করে।
মুহিত মাহমুদ হ্যামট্রামেকে বসবাস করেন না দাবি করে আলহারবি মামলা করেছিলেন। তবে গত ৩০ অক্টোবর আদালত রায় দেন, মুহিত মাহমুদ শহরের বাসিন্দা এবং মেয়র পদে দায়িত্ব পালনের যোগ্য। এর আগে তিনি হ্যামট্রামেক সিটি কাউন্সিলের সদস্য ছিলেন।
তথ্যসূত্র: সিবিএস নিউজ ডেট্রয়েট, সিটিজেনস ভয়েস
ছবি: হ্যামট্রামেকের মেয়র হিসেবে শপথ নিচ্ছেন মুহিত মাহমুদ। ছবি: সংগৃহীত





