স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে এনসিপির কমিটি, নেতৃত্বে নাহিদ ও আখতার
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে কমিটির চেয়ারম্যান এবং সদস্যসচিব আখতার হোসেনকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। সোমবার (৯ নভেম্বর) দলের দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার নির্বাচনের সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও কার্যক্রম পরিচালনা এবং সমন্বয়ের জন্য কমিটিটি গঠন করা হয়েছে।
কমিটিতে বিভাগ ও মহানগরভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। ঢাকা মহানগর উত্তরে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল, ঢাকা মহানগর দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার দায়িত্ব পেয়েছেন। খুলনা বিভাগে হাসনাত আবদুল্লাহ, রংপুর বিভাগে সারজিস আলম, ময়মনসিংহ বিভাগে আবদুল হান্নান মাসউদ এবং চট্টগ্রাম বিভাগ (দক্ষিণ)-এ সালেহ উদ্দিন সিফাতসহ প্রতিটি বিভাগে দুই থেকে তিনজন করে নেতা রয়েছেন।
এ ছাড়া রাজশাহী বিভাগে ডা. আতিক মুজাহিদ, সিলেট বিভাগে আলী আহসান জুনায়েদ এবং বরিশাল বিভাগে আরিফুল ইসলাম আদীবসহ অন্যরা কমিটিতে জায়গা পেয়েছেন।
পদাধিকারবলে কমিটির সদস্য থাকবেন দলের নারী সংগঠন জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব, দপ্তর সম্পাদক এবং বিভাগীয় সাংগঠনিক, প্রচার, মিডিয়া, আইন, আইসিটি, তথ্য ও গবেষণা এবং প্রশিক্ষণ সম্পাদকেরা।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন (ফাইল ছবি কোলাজ)। ছবি: তথ্য অধিদপ্তর (পিআইডি, পাবলিক ডোমেইন), Wasiul Bahar (CC BY-SA 4.0) / উইকিমিডিয়া কমন্স





