সুপারি ব্যবসায়ীকে রক্তাক্ত জখম করে টাকা ছিনতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রেফতার ২
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে অস্ত্র ঠেকিয়ে রক্তাক্ত জখম ও নগদ টাকাসহ মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ দুইজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার দুপুরে এসআরবি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এর আগে সোমবার রাতে ঢাকার আশুলিয়া থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দুইজন হলেন, রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের রেজাউল করিম ওরফে লুক্কার ছেলে শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের বাবু ইসলামের ছেলে শাকিল ইসলাম (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম তার দুই সঙ্গী ও ভ্যানচালকসহ ভ্যানযোগে আত্রাই হাটে সুপারি কেনার উদ্দেশ্যে রওনা দেন। পথেমধ্যে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের ‘চকের ব্রিজ’ নামক স্থানে পৌঁছলে ওঁৎ পেতে থাকা দস্যুদল তাদের গতিরোধ করে। এ সময় ধারালো অস্ত্র পেটে ঠেকিয়ে মৃত্যুভয় দেখিয়ে এবং রক্তাক্ত জখম করে তাদের নিকট থাকা নগদ ৪৫ হাজার ৮০০ টাকা এবং ১৯ হাজার টাকা মূল্যের দু’টি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী রাণীনগর থানায় একটি মামলা দায়ের করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এই ঘটনার পর এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২ (নাটোর ক্যাম্প) ও এসআরবি-৪ (সাভার ক্যাম্প) যৌথভাবে তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আশুলিয়ারর মিল এলাকায় অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী শফিকুল ইসলাম ওরফে সজীব কাজীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত পৌনে নয়টার দিকে ইপিজেড মোড় এলাকা থেকে অপর আসামি শাকিল ইসলামকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।





