জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির ওপর হামলা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশীয় অস্ত্র নিয়ে অটোরিকশার গতিরোধ করে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার আশিদ্রোন ইউনিয়নের রাধানগর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর ১২টার দিকে হাসিব আল ইসলাম অটোরিকশায় করে রাধানগর এলাকার একটি রিসোর্টে যাচ্ছিলেন। পথে একদল ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে। এ সময় তারা হাসিব আল ইসলামের দিকে এগিয়ে যান। তার সঙ্গে একজন নারীও ছিলেন বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি অটোরিকশাটির গতিরোধ করে তার দিকে এগিয়ে যাচ্ছেন। একপর্যায়ে হামলা থেকে বাঁচতে হাসিব আল ইসলাম দৌড়ে সরে যাওয়ার চেষ্টা করেন।
অভিযোগ উঠেছে, হামলাকারীরা তাকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কারও বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে দেখছি।’ অপরাধীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।





