আকাশছোঁয়া বাড়িভাড়া ও দামের প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহরে হাজারো মানুষের মিছিল
বাড়ির দাম ও ভাড়ার লাগামহীন বৃদ্ধির প্রতিবাদে পর্তুগালের ৩০টির বেশি শহর ও নগরে রাস্তায় নেমেছেন হাজারো মানুষ। এ ইস্যুতে এটিই দেশটির এ পর্যন্ত সবচেয়ে বড় বিক্ষোভ বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানী লিসবনসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা “আমাদের আবাসনের অধিকার চুরি করতে দেব না” স্লোগান দেন। লিসবন ও পোর্তোর কেন্দ্রীয় চত্বরে অধিকারকর্মীরা তাঁবু গেড়ে অবস্থানও করছেন। মিছিলে লিসবনের মেয়র কার্লোস মোয়েদাস, প্রধানমন্ত্রী লুইস মন্তেনেগ্রো ও স্বরাষ্ট্রমন্ত্রী লুইস নেভেসের ছবিসংবলিত পোস্টারও দেখা যায়।
ইউরোস্ট্যাটের তথ্য অনুযায়ী, ২০১৫ থেকে ২০২৫ সালের মধ্যে পর্তুগালে আয়ের তুলনায় বাড়ির দামের অনুপাত বেড়েছে ৬১ শতাংশ, যা ইউরোপীয় ইউনিয়নে সর্বোচ্চ। দেশটির পরিসংখ্যান দপ্তর বলছে, ২০২৫ সালের প্রথম প্রান্তিক থেকে ২০২৬ সালের প্রথম প্রান্তিকে বাড়ির দাম বেড়েছে প্রায় ২০ শতাংশ। সরকারের হিসাবে, ২০২০ সালের পর ভাড়া বেড়েছে ৬৮ শতাংশ।
বিক্ষোভকারীরা ভাড়া বৃদ্ধির সীমা নির্ধারণ, উচ্ছেদ থেকে ভাড়াটেদের সুরক্ষা এবং সাশ্রয়ী আবাসন বাড়ানোর দাবি জানিয়েছেন। সরকার নতুন নির্মাণে কর কমানো, স্বল্পমেয়াদি ভাড়া সীমিত করা এবং ১ লাখ ৪৫ হাজার নতুন বাড়ি নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছে। তবে এর সুফল পেতে সময় লাগবে বলে স্বীকার করেছেন কর্মকর্তারা।
এ মাসের শুরুতে বিক্ষোভ নিয়ে আলোচনায় কাউন্সিল অব স্টেট ডেকেছিলেন প্রেসিডেন্ট আন্তোনিও জোসে সেগুরো। শুক্রবার তিনি কয়েকজন বিক্ষোভকারীর সঙ্গে দেখাও করেন।
সূত্র: এপি, আনাদোলু এজেন্সি
ছবি: সংগৃহীত





