গাজায় বাধাহীন ত্রাণ প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের প্রতি ৫৩ দেশ ও সংস্থার আহ্বান
গাজায় বাধাহীনভাবে মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিতে ইসরায়েলের নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ৫৩টি দেশ ও সংস্থা। নিউইয়র্কে জাতিসংঘে এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
যুক্তরাজ্য, কাতার ও জর্ডানের নেতৃত্বে ‘গাজা কল টু অ্যাকশন অন হিউম্যানিটেরিয়ান অ্যাকসেস অ্যান্ড হেলথ’ উদ্যোগের পক্ষে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত সারা ম্যাকিনটশ বিবৃতিটি পাঠ করেন। তুরস্কও এতে সই করেছে।
বিবৃতিতে সব সীমান্ত ক্রসিং ও স্থলপথ দিয়ে ত্রাণ প্রবেশের সুযোগ, মিসর ও জর্ডান হয়ে মানবিক করিডর পুরোপুরি চালু রাখা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২৮০৩ নম্বর প্রস্তাব অনুযায়ী ২০২৫ সালের জানুয়ারিতে সম্মত পরিমাণের চেয়ে কম নয়—এমন হারে ত্রাণ পৌঁছানোর দাবি জানানো হয়। এ ছাড়া স্বাস্থ্যকর্মী, হাসপাতাল ও ত্রাণকর্মীদের সুরক্ষা, তাদের ওপর হামলার তদন্ত এবং আন্তর্জাতিক প্রতিনিধিদল ও সাংবাদিকদের গাজায় প্রবেশের সুযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
জাতিসংঘের মানবিক সহায়তাবিষয়ক প্রধান টম ফ্লেচার বলেন, ‘এখন আমাদের বলা হচ্ছে সরকার গঠনের জন্য অপেক্ষা করতে।’ ত্রাণ আটকে রাখার জন্য একে অগ্রহণযোগ্য অজুহাত বলে মন্তব্য করেন তিনি।
ইউনিসেফের হিসাবে, গাজার ২২ লাখ বাসিন্দার মধ্যে প্রায় ১৭ লাখ মানুষ তাঁবু, অস্থায়ী আশ্রয় বা ক্ষতিগ্রস্ত ভবনে বাস করছেন, যেগুলো বন্যা ও শীতে ঝুঁকিপূর্ণ। প্রায় ১০ লাখ মানুষ বন্যাপ্রবণ এলাকায় রয়েছেন। বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্প্রতি খান ইউনিসে একটি তাঁবুতে তীব্র ঠান্ডায় ৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে, যুদ্ধবিরতির পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০-র বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বৃহস্পতিবার খান ইউনিসের নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় অন্তত ১০ জন নিহত হন বলে দ্য ন্যাশনাল জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডারকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়; হামাস এ দাবি অস্বীকার করেছে। ত্রাণ-সংক্রান্ত আহ্বানের বিষয়ে ইসরায়েল সরকারের বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দ্য ন্যাশনাল, এএফপি
ছবি: ব্লুমবার্গ





