হাশ মানি মামলার দণ্ড বাতিলে ফেডারেল আপিল আদালতে ট্রাম্প, সিদ্ধান্ত আসেনি
হাশ মানি মামলায় নিজের ঐতিহাসিক ফৌজদারি দণ্ড বাতিলের চেষ্টায় আবারও ফেডারেল আপিল আদালতের দ্বারস্থ হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার (১৬ নভেম্বর) নিউইয়র্কে সেকেন্ড ইউএস সার্কিট কোর্ট অব আপিলসের তিন বিচারপতির প্যানেল এক ঘণ্টারও বেশি সময় ধরে ট্রাম্পের আইনজীবী ও রাজ্যের একজন প্রসিকিউটরকে প্রশ্ন করেন। তবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত আসেনি।
ট্রাম্পের চাওয়া, মামলাটি রাজ্য আদালত থেকে ফেডারেল আদালতে স্থানান্তর করা হোক। সেখানে প্রেসিডেন্সিয়াল দায়মুক্তির যুক্তিতে মামলাটি খারিজের আবেদন করতে পারবেন তিনি। মাত্র ১১ দিনের ব্যবধানে এ নিয়ে দ্বিতীয়বার দুই পক্ষ আদালতে মুখোমুখি হলো।
২০২৪ সালের মে মাসে ম্যানহাটনের জুরি ট্রাম্পকে ব্যবসায়িক নথি জালিয়াতির ৩৪টি অভিযোগে দোষী সাব্যস্ত করেন। অভিযোগ ছিল, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে দেওয়া ১ লাখ ৩০ হাজার ডলারের গোপন অর্থ লুকাতে নথিতে কারসাজি করা হয়েছিল। ট্রাম্প অভিযোগ অস্বীকার করে আসছেন। দণ্ড হলেও তাঁকে কোনো শাস্তি দেওয়া হয়নি।
ফেডারেল আদালতের পাশাপাশি নিউইয়র্ক রাজ্যের আপিল প্রক্রিয়াতেও লড়ছেন ট্রাম্প। গত ৫ নভেম্বর রাজ্যের মধ্যম স্তরের অ্যাপেলেট ডিভিশনে শুনানি হয়েছে, তবে সেই আদালতও এখনো রায় দেননি।
শুনানিতে ট্রাম্পের আইনজীবী রবার্ট জিউফ্রা জুনিয়র পূর্ণাঙ্গ রায় লেখার আগেই দ্রুত আদেশ দিয়ে মামলার নিয়ন্ত্রণ নিতে এবং অ্যাপেলেট ডিভিশনের কার্যক্রম থামাতে বিচারপতিদের অনুরোধ করেন। তাঁর যুক্তি, ফেডারেল আদালতের হস্তক্ষেপ ছাড়া রাজ্যের আপিলের জন্য ট্রাম্পকে সম্ভবত বছরের পর বছর অপেক্ষা করতে হবে।
দণ্ডপ্রাপ্ত প্রথম মার্কিন প্রেসিডেন্ট হওয়ার তকমা মুছে ফেলতে মরিয়া ট্রাম্প। তাঁর মেয়াদের বাকি আছে দুই বছরের কিছু বেশি সময়।
সূত্র: এপি, পিবিএস নিউজআওয়ার, ব্লুমবার্গ
ছবি: রয়টার্স





