সফটওয়্যার ত্রুটিতে চেজ ব্যাংকে দেশজুড়ে বিভ্রাট, সন্ধ্যায় স্বাভাবিক হলো লেনদেন
সফটওয়্যারের ত্রুটির কারণে সোমবার (১৬ নভেম্বর) দিনভর লেনদেনে বিভ্রাটের মুখে পড়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ব্যাংক জেপিমরগান চেজ। দেশজুড়ে অনেক গ্রাহক অ্যাকাউন্টে ঢুকতে ও টাকা তুলতে সমস্যায় পড়ার অভিযোগ করেন। নিউইয়র্কসহ বিভিন্ন শহরের প্রবাসী বাংলাদেশিরাও এ ভোগান্তিতে পড়েন।
ব্যাংকটির একজন মুখপাত্র সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জানান, এখন লেনদেন স্বাভাবিকভাবে পোস্ট হচ্ছে।
এর আগে বিকেল ৪টার দিকে এক্সে দেওয়া বার্তায় চেজ জানায়, অন-প্রিমাইজ হার্ডওয়্যার সিস্টেমের একটি সফটওয়্যার বাগের কারণে সাময়িক সমস্যা দেখা দিয়েছে এবং তা সমাধানে কাজ চলছে। অনলাইন ও শাখা দুই জায়গাতেই লেনদেনে এর প্রভাব পড়ে।
ব্যাংকটি জানিয়েছে, গ্রাহকদের অ্যাকাউন্ট ও অর্থ নিরাপদ ছিল, তবে কিছু লেনদেনে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লেগেছে। অন্য যেসব ব্যাংকে ধীরগতি দেখা গেছে, তা কেবল চেজের সঙ্গে লেনদেনের কারণেই হয়েছে বলে দাবি ব্যাংকটির।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নিয়ন্ত্রক সংস্থাগুলো সঙ্গে সঙ্গেই বড় ব্যাংকগুলোর সঙ্গে যোগাযোগ করে এবং দ্রুতই নিশ্চিত হয় যে সমস্যাটি নিয়ন্ত্রণের মধ্যে আছে।
গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্রে একের পর এক প্রযুক্তিগত বিভ্রাট দেখা গেছে। গত সপ্তাহে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ ছিল মাইক্রোসফটের আউটলুক। তবে এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি।
সূত্র: এনবিসি নিউজ, দ্য নিউইয়র্ক টাইমস, রয়টার্স
ছবি: সংগৃহীত





