নাটোরে তিন গাড়িতে এসে "জয় বাংলা" স্লোগান দিয়ে গুলি ও ককটেল বিস্ফোরণ, আটক ১
নাটোর সদর উপজেলার দত্তপাড়া বাজারে "জয় বাংলা" স্লোগান দিয়ে গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ২০টি গুলির খোসা উদ্ধার করেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-নাটোর মহাসড়ক দিয়ে তিনটি গাড়িতে করে ২৫ থেকে ৩০ জন বাজারে আসে। তারা আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে বাজারের বটতলায় নেমে "জয় বাংলা" স্লোগান দেয়, কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং ফাঁকা গুলি ছুড়ে গাড়িতে উঠে চলে যায়। এ সময় একটি কুরিয়ার সার্ভিসের গাড়ি লক্ষ্য করেও গুলি ছোড়া হয় বলে স্থানীয়রা জানান। তবে কেউ হতাহত হননি।
দত্তপাড়া বাজারের নৈশপ্রহরী জাহাঙ্গীর আলম বলেন, দোকানপাট বন্ধ হওয়ার পরপরই হঠাৎ লোকজন আসে। তাদের প্রায় সবার হাতে আগ্নেয়াস্ত্র ছিল। তিন থেকে চার মিনিট পর তারা চলে যায়।
এ ঘটনায় রাতেই সদর উপজেলার কাঁঠালবাড়িয়া এলাকার নিজ বাড়ি থেকে হানিফ ভূঁইয়া (৪৮) নামের একজনকে আটক করেছে পুলিশ। হামলাকারীদের শনাক্তে অভিযান চলছে।
ছবি: সংগৃহীত





