টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের কার্যালয়ে ভাঙচুর-অগ্নিসংযোগ, অভিযোগ নিষিদ্ধ আওয়ামী লীগের দিকে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় বিএনপি ও যুবদলের দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বর্নি বাজার, নিলফা বাজার ও পাটগাতি বাসস্ট্যান্ড এলাকায় এসব ঘটনা ঘটে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ বিএনপির।
স্থানীয় সূত্র ও বিএনপি নেতাদের ভাষ্য অনুযায়ী, বিকেলে বর্নি মধ্যপাড়া থেকে একটি মিছিল বের হয়ে বর্নি বাজারে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ গাজীর কার্যালয়ে হামলা চালায়। সেখানে ছবি, ব্যানার, ফেস্টুন ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। এলাকাজুড়ে বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারও ছিঁড়ে ফেলা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
রাত আটটার দিকে কুশলী ইউনিয়নের নিলফা বাজারে লাঠিসোঁটা নিয়ে সড়ক অবরোধ করে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়া হয়। এ সময় বিএনপি-সমর্থিত কয়েকজনের দোকানেও ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রাত ১০টার দিকে পাটগাতি বাসস্ট্যান্ডে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মিছিল হলে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন মোল্লা অভিযোগ করেন, বিকেল থেকে রাত পর্যন্ত তাণ্ডব চালিয়ে দলীয় কার্যালয় ও নেতাকর্মীদের দোকানে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। তিনি দায়ীদের কঠোর শাস্তি দাবি করেন। জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, কেন্দ্রীয় নেতাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী জানান, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা কয়েকটি মিছিল করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বলে তিনি শুনেছেন। তবে এখনো থানায় কেউ অভিযোগ দেননি। এ ঘটনায় কাউকে আটকের খবর পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





