ইতিহাস গড়ল স্পেসএক্স: কক্ষপথ থেকে ফেরা স্টারশিপকে প্রথমবার ধরে ফেলল লঞ্চ টাওয়ারের ‘হাত’
মহাকাশযান পুনর্ব্যবহারের দৌড়ে বড় মাইলফলক ছুঁয়েছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। কক্ষপথ ঘুরে আসা স্টারশিপ রকেটের ওপরের অংশ (শিপ)–কে প্রথমবারের মতো লঞ্চ টাওয়ারের যান্ত্রিক বাহু ‘মেকাজিলা’ দিয়ে ধরে ফেলেছে প্রতিষ্ঠানটি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসের স্টারবেস থেকে শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় স্টারশিপের ১৫তম পরীক্ষামূলক ফ্লাইট উৎক্ষেপণ করা হয়। প্রায় সাড়ে ২২ ঘণ্টা পর শনিবার (১৪ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে শিপ ৪২ নামের ওই অংশটি টাওয়ারের বাহুতে ধরা পড়ে। কক্ষপথ থেকে ফেরার সময় ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল গতিতে বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল শিপটি।
এই মিশনে নিম্ন কক্ষপথে ২৬টি স্টারলিংক ভি৩ স্যাটেলাইটও স্থাপন করা হয়। তবে জ্বালানি কম থাকার সতর্কসংকেত পাওয়ায় সুপার হেভি বুস্টারটি টাওয়ারে ফেরার বদলে মেক্সিকো উপসাগরে নামানো হয়।
সরাসরি সম্প্রচারে স্পেসএক্সের ড্যান হুয়ট বলেন, “আমরা একটি স্টারশিপ ধরেছি, আর এখন সবকিছু বদলে যাবে।” বিশেষজ্ঞদের মতে, পুরো রকেট বারবার ব্যবহারের উপযোগী হলে মহাকাশ যাত্রার খরচ নাটকীয়ভাবে কমে আসবে, যা চাঁদ ও মঙ্গল অভিযানের পথ খুলে দেবে।
সূত্র: স্পেস ডটকম, ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিং
ছবি: স্পেসএক্স





