‘আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান’: আসিফ মাহমুদের ‘হোম মিনিস্ট্রি’ পোস্টের জবাবে আমজনতা দলের তারেক রহমান
দুই সপ্তাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব চেয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ফেসবুক পোস্টের জবাব দিয়েছেন আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। আসিফকে গোপালগঞ্জের প্রশাসক করে পাঠানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রোববার (১৫ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পেজে আমজনতা দলের এই নেতা লেখেন, “আসিফরে গোপালগঞ্জের প্রশাসক হিসাবে পাঠান। আগেরবার তো এপিসিতে করে পালায় আসছিল।” এর আগে গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার পর দলটির নেতাদের সাঁজোয়া যানে (এপিসি) করে সরিয়ে নেওয়ার ঘটনার দিকে ইঙ্গিত করেছেন তিনি। পোস্টটি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, আমজনতা দলের এই নেতা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নন। নামের মিলের কারণে কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরি হয়েছে।
রোববার বিকেলে এক ফেসবুক পোস্টে দেশজুড়ে ককটেল হামলা, অগ্নিসংযোগ ও ছিনতাই নিয়ে উদ্বেগ জানিয়ে আসিফ মাহমুদ লেখেন, “না পারলে ২ সপ্তাহের জন্য আমাকে হোম মিনিস্ট্রি দেন, সব ঠিক করে দিচ্ছি।” অন্তর্বর্তী সরকারের সাবেক এই উপদেষ্টার পোস্টও ভাইরাল হয় এবং পক্ষে-বিপক্ষে নানা প্রতিক্রিয়া আসে।
একই দিনে গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। ওই দিনই জেলার ডিসি ও এসপিকে সরিয়ে দেয় সরকার এবং জেলায় দেড় হাজার বিজিবি ও পুলিশ সদস্য মোতায়েন করা হয়।
আমজনতা দলের নেতার মন্তব্যের বিষয়ে আসিফ মাহমুদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
ছবি: সংগৃহীত





