পাল্টা কর্মসূচি বা পাহারা নয়, নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে থাকবে বিএনপি: তারেক রহমানের নির্দেশ
নিষিদ্ধ আওয়ামী লীগের ডিসেম্বর ঘিরে নানা কর্মসূচি ও নাশকতার অভিযোগের মধ্যে বিএনপি এবং দলের তিন অঙ্গসংগঠনকে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় থাকার নির্দেশ দিয়েছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১৫ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রায় দুই ঘণ্টার এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয় বলে বৈঠক সূত্রের বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।
বৈঠক সূত্রে জানা গেছে, এসব কর্মসূচি কোনো দলের বিরুদ্ধে পাল্টা কর্মসূচি হবে না। আওয়ামী লীগ আমলের মতো পাড়া-মহল্লায় পাহারা বসিয়ে অন্য দলের কর্মসূচি ঠেকানোর মতো কিছুও করা হবে না। মিছিল, সমাবেশ, অবস্থান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো কর্মসূচি থাকবে। বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল পৃথকভাবে কর্মসূচি ঘোষণা করবে। বিএনপিপন্থী পেশাজীবী সংগঠনগুলোকেও আলাদা কর্মসূচি নিয়ে সক্রিয় থাকতে বলা হয়েছে।
বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী, হাবিব-উন নবী খান সোহেল, খায়রুল কবির খোকন, এমরান সালেহ প্রিন্স ও আবদুস সালাম, তিন অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবরা উপস্থিত ছিলেন।
বৈঠক প্রসঙ্গে রুহুল কবির রিজভী প্রথম আলোকে বলেন, “বিশেষ কিছু নয়। আমরা সাধারণত বিজয়ের মাস ডিসেম্বরে যেসব কর্মসূচি দিই, তেমন কর্মসূচি থাকবে।” বৈঠকে গোপালগঞ্জের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হলে তারেক রহমান জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনী দেখছে।
রোববারই গোপালগঞ্জে লগি-বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল ও ভাঙচুরের ঘটনা ঘটে। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বর্ষপূর্তি ঘিরে ১৯ নভেম্বর ‘লকডাউন’ এবং ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা দিয়েছে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামীও ডিসেম্বরে সর্বশক্তি নিয়ে মাঠে নামার ঘোষণা দিয়েছে।
ছবি: সংগৃহীত





