আবুধাবির হোটেলে মেরাব দভালিশভিলির ওপর হামলা: উসমান নুরমাগোমেদভসহ ৮ জনের ৬ মাসের কারাদণ্ড
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে একটি হোটেলে সাবেক ইউএফসি চ্যাম্পিয়ন মেরাব দভালিশভিলির ওপর হামলা ও মারামারির ঘটনায় পিএফএল লাইটওয়েট চ্যাম্পিয়ন উসমান নুরমাগোমেদভসহ আটজনকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
শুক্রবার (১৩ নভেম্বর) আবুধাবির ফৌজদারি আদালতের এই রায়ের কথা জানায় আবুধাবি বিচার বিভাগ। নুরমাগোমেদভ শিবিরের ছয় সদস্যকে ছয় মাসের কারাদণ্ডের পাশাপাশি ৩ লাখ দিরহাম (প্রায় ৮১ হাজার ডলার) জরিমানা করা হয়েছে। সাজা শেষে তাঁদের দেশ থেকে বের করে দেওয়া হবে। মারামারির ভিডিও ধারণ করে প্রকাশ করায় আরও দুজনকে গোপনীয়তা লঙ্ঘনের দায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁদের ফোন জব্দ করা হয়েছে।
বুধবার আবুধাবির ইয়াস হিলটন হোটেলের লবিতে দভালিশভিলি একটি সাক্ষাৎকার দেওয়ার সময় ঘটনাটি ঘটে। ভিডিওতে দেখা যায়, খাবিব নুরমাগোমেদভের চাচাতো ভাই উসমান পেছন থেকে এসে দভালিশভিলিকে চড় মারেন। এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
জনশৃঙ্খলা বিঘ্নিত করা ও অন্যদের ওপর হামলার দায়ে দভালিশভিলি ও তাঁর এক বন্ধুকে ৫০ হাজার দিরহাম করে জরিমানা করা হয়েছে। মুক্তি পাওয়ার পর দভালিশভিলি বলেছেন, “আমি কোনো অভিযোগ করব না। আমি শান্তি চাই, সবার ভালো চাই।” ইউএফসির প্রধান নির্বাহী ডানা হোয়াইট জড়িতদের কড়া সমালোচনা করেছেন।
২০২৫ সালের জানুয়ারিতে উসমানের বড় ভাই উমর নুরমাগোমেদভকে হারিয়ে ইউএফসি ব্যান্টামওয়েট শিরোপা জিতেছিলেন দভালিশভিলি। এরপর থেকেই দুই শিবিরের মধ্যে উত্তেজনা চলছিল।
সূত্র: ইএসপিএন, আল জাজিরা
ছবি: সংগৃহীত





