পোশাকশ্রমিকেরা ৩০ টাকা কেজিতে মাসে ১০ কেজি চাল পাবেন, শিল্পাঞ্চলে ৬৬ ট্রাকে বিক্রি
মজুরি নিয়ে শিল্পাঞ্চলে চলমান অসন্তোষের মধ্যে তৈরি পোশাকশ্রমিকদের জন্য বিশেষ খোলাবাজারে বিক্রি (ওএমএস) কার্যক্রম চালু করেছে সরকার। এই কর্মসূচির আওতায় একজন শ্রমিক প্রতি কেজি ৩০ টাকা দরে মাসে সর্বোচ্চ ১০ কেজি চাল কিনতে পারবেন। খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্পাঞ্চলে মোট ৬৬টি ট্রাকে এই চাল বিক্রি হবে। প্রতিটি ট্রাকে প্রতি শুক্রবার পাঁচ টন করে, সপ্তাহে মোট ৩৩০ টন চাল বিক্রি করা হবে। সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং দুপুর আড়াইটা থেকে বিকেল ৫টা—দুই দফায় বিক্রি চলবে।
এর মধ্যে গাজীপুরে ৩০টি ট্রাকে ১৫০ টন, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে ১০টি করে ট্রাকে ৫০ টন করে, সাভারে ৮টি ট্রাকে ৪০ টন, ঢাকায় ৬টি ট্রাকে ৩০ টন এবং ধামরাইয়ে ২টি ট্রাকে ১০ টন চাল বরাদ্দ রাখা হয়েছে। মজুত থাকা সাপেক্ষে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।
চাল কিনতে শ্রমিকদের কারখানার পরিচয়পত্র দেখাতে হবে এবং মাস্টাররোলে সই করতে হবে।
চলতি মাসে গঠিত ন্যূনতম মজুরি বোর্ড এরই মধ্যে দুটি বৈঠক করেছে। সর্বশেষ বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি মাসিক ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার প্রস্তাব দিয়েছেন। মজুরি বৃদ্ধির দাবিতে সাভার-আশুলিয়া ও গাজীপুরসহ বিভিন্ন শিল্পাঞ্চলে কয়েক দিন ধরে শ্রমিক অসন্তোষ চলছে। শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধ রাখতে বাধ্য হবেন বলে হুঁশিয়ার করেছে বিজিএমইএ।
ফাইল ছবি





