১১ দিনেই বিশ্বজুড়ে ১৩৭৯ কোটি রুপি: বক্স অফিসে রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর ঝড়, চোখ হাজার কোটির দিকে
মুক্তির দ্বিতীয় সপ্তাহান্তেও বক্স অফিসে দাপট ধরে রেখেছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক ছবি ‘রামায়ণ’। মুক্তির ১১ দিনে ছবিটির বিশ্বব্যাপী আয় দাঁড়িয়েছে ১ হাজার ৩৭৯ কোটি ৫০ লাখ রুপি।
বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) ১১তম দিনে ভারতে ছবিটি প্রায় ৭৫ কোটি রুপি আয় করেছে, যা আগের দিনের চেয়ে ২ দশমিক ৯ শতাংশ বেশি। এদিন ২৩ হাজার ৫২৫টি শো চলেছে। এর মধ্যে হিন্দি সংস্করণ থেকে এসেছে ৫৫ কোটি রুপি। বাকিটা এসেছে কন্নড়, মালয়ালম, তামিল ও তেলুগু থেকে।
ভারতে ছবিটির মোট নিট আয় এখন ৭৬০ কোটি ৬০ লাখ রুপি এবং গ্রস ৯০৯ কোটি রুপি। অর্থাৎ ভারতে হাজার কোটি রুপি গ্রস ছুঁতে আর ৯১ কোটি রুপি দরকার। বিদেশের বাজার থেকে এসেছে ৪৭০ কোটি ৫০ লাখ রুপি।
পিভিআর আইনক্সের সিইও কমল জ্ঞানচন্দানি জানিয়েছেন, ১১তম দিনে তাঁদের প্রেক্ষাগৃহে ছবিটির আয় ৩০০ কোটি রুপি গ্রস ছাড়াবে, যা চলতি অর্থবছরে চেইনটির সর্বোচ্চ আয়ের ছবি।
৫ নভেম্বর মুক্তি পাওয়া ছবিটিতে রাম চরিত্রে রণবীর কাপুর, সীতা চরিত্রে সাই পল্লবী এবং লক্ষ্মণ চরিত্রে রবি দুবে অভিনয় করেছেন। রাজা দশরথ চরিত্রে আছেন অরুণ গোভিল।
সূত্র: ইন্ডিয়া টিভি, দ্য উইক
ছবি: সংগৃহীত





